এবার নন্দীগ্রামে মুখোমুখি যুদ্ধ হবে তৃণমূল নেত্রী ও তাঁর প্রাক্তন সেনাপতিতে
দি নিউজ লায়নঃ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীই। তিনি মমতাকে চ্যালেঞ্জ করেছিলেন ওই কেন্দ্র থেকে বিজেপির যেই প্রার্থী হোন না কেন, অন্তত ৫০ হাজার ভোটে হারবেন। এরপর শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকায় নন্দীগ্রাম, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক পরের দিনই নন্দীগ্রামে বিজেপির প্রার্থী তালিকা নাম উঠে আসে শুভেন্দু অধিকারীর। রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামকে চেনেন খুব ভালো ভাবে। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দুর নাম ঘোষণা করার পর মুখোমুখি যুদ্ধ হবে তৃণমূল নেত্রী ও তাঁর প্রাক্তন সেনাপতিতে।
বিজেপি প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই দিল্লিতে বৈঠক হয়ে গিয়েছে। বৈঠকে ছিলেন অমিত শাহ, জে পি নাড্ডা ছিলেন, দিলীপ ঘোষ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্য়ায়ের মতো নেতৃত্ব। এই বৈঠকের পরই শোনা যায়, নন্দীগ্রাম থেকেই লড়তে চেয়ে ইচ্ছা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। যদিও দলের তরফে তা নিয়ে কোনও কথাই বলা হয়নি। কিন্তু এদিন বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা গেল শুভেন্দুর ইচ্ছাকে মান্যতা দিয়েছে দল। নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বিপরীতে লড়ছেন তিনিই।
নন্দীগ্রামে একটি অভ্যন্তরীণ সমীক্ষা করেছে বিজেপি। আর ওই সমীক্ষায় ইতিবাচক রিপোর্ট এসেছে বলে খবর। সমীক্ষার অধিকাংশ মতদাতাই চান, শিল্প হোক। বিজেপি নেতৃত্ব মনে করছে, শুভেন্দুকে চ্যালেঞ্জ করতেই নিজের গড় ছেড়ে নন্দীগ্রামে গিয়েছেন মমতা। ফলে, শুভেন্দুকে প্রার্থী না করলে তৃণমূল বলতে পারে, হারার ভয়ে প্রার্থী হলেন না। এর পাশাপাশি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে 'গ্রাউন্ড রিপোর্ট' গিয়েছে, মমতাকে হারিয়ে দিতে পারেন শুভেন্দু ।

Post a Comment